আইসিএপিপির সম্মেলনে অংশ নেবে বিএনপি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:২৯ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৪ থেকে ৭ নভেম্বর এ অধিবেশন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে অংশ নিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুই সদস্যের একটি প্রতিনিধি দল মনোনয়ন দিয়েছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আরও পড়ুন: দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

এবারের ১৩তম সাধারণ অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’। এতে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল অংশ নেবে।

উল্লেখ্য, বিএনপি এশিয়ার রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য। সিউলে অনুষ্ঠেয় এ সম্মেলনের যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও পিপল পাওয়ার পার্টি। ২০০০ সালের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আইসিএপিপি গঠিত হয়।

আরও পড়ুন: শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি