সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় জামিন সাবেক মেজর জেনারেল
কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তারের পাঁচ দিন পর জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী। সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। আসামিপক্ষের আইনজীবী জানান, ২ হাজার টাকার মুচলেকায় মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ অক্টোবর দিন ধার্য রয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলায় তাকে ৪ নম্বর আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন
মামলার এজাহার ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। ওই সময় হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ নামে পরিচিত স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালায়।
ঘটনার পর নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ওই মামলার ভিত্তিতেই গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্ত চলছে এবং আগামী ২৮ অক্টোবর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা রয়েছে।
আরও পড়ুন: আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর





