ব্রিকস সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার দ. আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৩ | আপডেট: ১:৩৪ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোটের ১৫তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি।প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানান।সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচটি দেশের জোট ব্রিকসের সম্মেলন শুরু হচ্ছে ২২ আগস্ট। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে অংশ নেবেন।

আরও পড়ুন: স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে যুগোপযোগী সাইবার আইন হচ্ছে

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বৈঠকে যোগ দিচ্ছেন না। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ব্রিকসের সদস্য দেশগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা ওই সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।

এ বছর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগদানের বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছে জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং উন্নয়নমূলক সহযোগিতার লক্ষ্যে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্য থেকে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, ইরান, সৌদি আরব এবং সিরিয়াসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের এযাবৎ প্রায় ২০টিরও বেশি দেশ ব্রিকস জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।প্রধানমন্ত্রী আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূতদের অংশগ্রহণে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনেও অংশ নেবেন বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিকসের সদস্য পদ: ব্রিকস দেশগুলো নতুন সদস্য নেয়ার ক্ষেত্রে আলোচনা করছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন সদস্য নেয়া হবে। গত জুনে সুইজারল্যান্ডের জেনেভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ব্রিকসে নতুন সদস্য পদ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেছেন তারা সদস্য সংখ্যা বাড়াতে চান এবং তারা চিন্তাভাবনা করছেন যে আরও কয়েকটি, আমার যদি ঠিক মনে থাকে আটটি দেশের কথা বলেছেন। এখন দেখছি যে ২২টির মতো দেশ আগ্রহ দেখিয়েছে। কিন্তু তিনি মনে হয় বলেছেন আটটির তো বাড়াতে চাইছেন এবং আমাদের কথা চিন্তাভাবনা করছেন।