মাত্র ৮ মিনিটেই পদ্মা পার
পদ্মা বহুমুখী সেতুতে ট্রেন চলাচলের স্বপ্নের পূর্ণতা পাচ্ছে। ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গার পথে ছুটছে প্রথম বিশেষ ট্রেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুর থেকে ট্রেনটি ছেড়ে যায়। ঠিক ১১ট ২৬ মিনিট পদ্মা সেতুতে ট্রেন ওঠে। ৬.১৫ কিলোমিটার সেতু ট্রেনে করে পাড়ি দিতে সময় লেগেছে ৮ মিনিট। ঠিক ১১টা ৩৪ মিনিটে পদ্মা সেতু পার হয় ট্রেনটি।
ঈশ্বরদী থেকে গতকাল বুধবার রাত ৯টা ৪০ মিনিটে পদ্মা সেতুর ট্রায়াল রান ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়। ট্রেনটি ৮টি কোচ ও ১টি ইঞ্জিন নিয়ে গতকাল সকাল ১০টা ৫০ মিনিটে পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে এসে কমলাপুর স্টেশনে অবস্থান করে ট্রেনটি।
আরও পড়ুন: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে বাংলাদেশ, সরে দাঁড়াল ফিলিস্তিন
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এই ট্রেনে রয়েছেন। রেলমন্ত্রীর সঙ্গে পরীক্ষামূলক ট্রেন যাত্রায় আরো উপস্থিত আছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরীক্ষামূলক এ যাত্রায় সবকিছু পর্যবেক্ষণ করবেন রেলওয়ে ও প্রকল্পের কর্মকর্তারা।
প্রকল্পের ৩১ আগস্ট পর্যন্ত অগ্রগতির তথ্য বলছে, পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৮২ শতাংশ। এর মধ্যে মাওয়া-ভাঙ্গা অংশের অগ্রগতি হয়েছে ৯৬.৫০ শতাংশ।
আরও পড়ুন: এ ধরনের বর্বরতা কোনো সভ্য রাষ্ট্রের চিত্র হতে পারে না: ধর্ষণ ইস্যুতে সাদিক কায়েম
ঢাকা-মাওয়া অংশের অগ্রগতি হয়েছে ৮০.৫০ ভাগ। এদিকে ভাঙ্গা-যশোর অংশের কাজের অগ্রগতি হয়েছে ৭৮ ভাগ।
আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের এই রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দিবেন তিনি। গত ১৭ আগস্ট উদ্বোধন হতে যাওয়া অংশে রেললাইন বসানোর কাজ শেষ হয়েছে।





