সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
জিম্বাবুয়েকে উড়িয়ে সেমির দৌড়ে ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল স্বাগতিক ভারত। সুপার এইট পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখল তারা।
সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল–এর কাছে হেরে চাপে পড়ে যায় ভারত জাতীয় ক্রিকেট দল। ফলে দ্বিতীয় ম্যাচটি পরিণত হয় বাঁচা-মরার লড়াইয়ে। বৃহস্পতিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল–কে ৭২ রানের বড় ব্যবধানে হারায় ভারত।
আরও পড়ুন: স্যান্টনার-রাচিন ঝড়ে লঙ্কানদের বিদায়, ৬১ রানে জিতল নিউজিল্যান্ড
এই জয়ে সুপার এইট থেকে জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে গ্রুপ-১ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ-২ থেকে ইতোমধ্যে শেষ চারে পৌঁছে গেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
ভারত-জিম্বাবুয়ে ম্যাচ শেষে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে দুই জয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ২ পয়েন্ট করে রয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় দুই নম্বরে ওয়েস্ট ইন্ডিজ এবং তিন নম্বরে ভারত। পয়েন্টশূন্য জিম্বাবুয়ে রয়েছে তলানিতে।
আরও পড়ুন: পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সবার আগে সেমিতে ইংল্যান্ড
গ্রুপের প্রতিটি দলের এখনও একটি করে ম্যাচ বাকি। দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে হারলেও সেমিফাইনালে তাদের অবস্থান অটুট থাকবে, আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে।
এদিকে ১ মার্চ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি লড়াইটি কার্যত নকআউট ম্যাচে পরিণত হয়েছে। যে দল জিতবে, তারাই নিশ্চিত করবে সেমিফাইনালের টিকিট। পরাজিত দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে নেট রানরেটে এগিয়ে থাকায় সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ।





