দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৩ | আপডেট: ২:১৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৩
নরসিংদীতে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বিটিভির সৌজন্যে
নরসিংদীতে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বিটিভির সৌজন্যে

নরসিংদীতে এশিয়ার বৃহত্তম পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ নভেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি ইলেকট্রিক বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে কারখানাটির উদ্বোধন করেন। তার সাথে রয়েছেন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ স্থানীয় দলীয় নেতা ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে প্রধানমন্ত্রী পুরো সার কারখানাটি ঘুরে দেখেন। কীভাবে সার উৎপাদন হয় তাও পর্যবেক্ষণ করেন তিনি। এর স্থানীয় সংস্কৃতিকর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বরণ করে নেয়। এর পর তিনি সার কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। নরসিংদীতে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধন শেষে নরসিংদী সদর উপজেলার মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । দীর্ঘ ১৯ বছর পর নরসিংদীতে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।