মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৬:১৮ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৩ জনে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান দগ্ধ হওয়া আমির হোসেন সুমন (৩২) আরো একজন।

আরও পড়ুন: এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আইআরডির ভারপ্রাপ্ত সচিব হলেন আহসান হাবিব

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। সকাল সাড়ে ৭টার দিকে আমির হোসেন নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন খায়ের মিয়া ও রোববার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে সালাউদ্দিন মারা যান।

আরও পড়ুন: চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডা. তরিকুল ইসলাম জানান, আটজনের মধ্যে তিনজন মারা গেছেন, একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বর্তমানে চারজন চিকিৎসাধীন আছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

গত বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে আটজন দগ্ধ হন। এদের মধ্যে আমির হোসেন সুমনের দেহের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ, কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়ার ১৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, মো. রানার ৫ শতাংশ ও মো. মামুনের ৫ শতাংশ দগ্ধ হয়।