৬ লক্ষ ৭০ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াবে দক্ষিণ সিটি করপোরেশন

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ন, ২৯ মে ২০২৪ | আপডেট: ৭:৪৫ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

৬ লক্ষ ৭০ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। করপোরেশনের আওতাধীন এলাকার ১ হাজার ৮ শত ২৭টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। 

আগামী ১ জুন রোজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী ১ লক্ষ ১০ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৫ লক্ষ ৬০ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। 

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে "জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৪" উপলক্ষ্যে আয়োজিত কেন্দ্রীয় এ্যাডভোকেসি এবং সাংবাদিক ওরিয়েন্টশন সভায় এসব তথ্য জানানো হয়। 

করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্তকর্তা ডাঃ ফজলে শামসুল কবিরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সভায় করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলে শামসুল কবির বলেন, "ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ১,৮২৭টি কেন্দ্রের মাধ্যমে এবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ৩,৬৫৪ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হবে।"

এবার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬-১১ মাস বয়সী ১ লক্ষ ১০ হাজার শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন 'এ' (১,০০,০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৫ লক্ষ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন 'এ' (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে ডাঃ শামসুল কবির সভায় জানান। এছাড়াও তিনি সেদিন নির্ধারিত কেন্দ্রে শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য নিয়ে যেতে পিতা-মাতা ও অভিভাবকদের অনুরোধ করেন। 

সভায় জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) এর লাইন ডাইরেক্টরের প্রতিনিধি, বিভিন্ন হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, গালর্স গাইড-রোভার স্কাউট- রোটারী ক্লাব, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প (ইউপিএইচসিএসডিপি), আবু মিয়া ডেভেলপমেন্ট সোসাইটি, মা ও শিশু উন্নয়ন সহযোগী সংস্থা ও এনজিও হেলথ্ সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম (এনএইচএসডিপি) এবং ইউনিসেফ এর প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।