মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে, উত্তপ্ত অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ২:৩৪ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, 'মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পূনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।'

আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি। 

জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান।

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের দাবিগুলো ছিল—

১. নিহতদের নাম-ঠিকানা প্রকাশ,

২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ,

৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা,

৪. ক্ষতিপূরণ প্রদান,

৫. ঝুঁকিপূর্ণ বিমান বাতিল,

৬. প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।

তবে দাবি মেনে নেওয়ার ঘোষণার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শিক্ষার্থীরা "ভুয়া ভুয়া" এবং "We want justice" স্লোগান দিতে থাকেন। কিছু শিক্ষার্থী আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল নিক্ষেপ করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের ৫ নম্বর ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২:৫০) দুই উপদেষ্টা— আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার কলেজ ভবনের ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টা থেকে মাইলস্টোন কলেজের সামনের গোলচত্বরে জমায়েত হতে শুরু করেন শত শত শিক্ষার্থী। তারা বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনার বিচার ও প্রতিকার চেয়ে ৬ দফা দাবি উত্থাপন করেন।

আন্দোলন থেকে জানানো হয়, দুপুর ১২:৩০ মিনিটের মধ্যে সরকারের কোনো প্রতিনিধি এসে কথা না বললে, তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনের রাস্তা অবরোধ করবেন।