নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ২৮ আগস্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ ঘোষণা করা হবে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী
তিনি জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। যত দ্রুত সম্ভব আসনগুলোর সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এর আগে একই দিন দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন। বৈঠকে নির্বাচনের কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন
এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, "কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়েছে। অনুমোদনও হয়েছে, এখন শুধু টাইপিংয়ের কাজ চলছে।"
প্রসঙ্গত, গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। খসড়ায় ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়। অপরদিকে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার প্রস্তাব দেওয়া হয়।
এরপর ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি সংসদীয় আসন নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে। ২৪ আগস্ট শুরু হওয়া সেই শুনানি ২৭ আগস্ট শেষ হয়।





