খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি বলেন, ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ২ জানুয়ারি—এই তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই নিয়ে চরম অশ্লীলতা

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরও পড়ুন: অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শারমিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার ও পরিবারের অন্যান্য সদস্যরা। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন বেগম খালেদা জিয়া। তিনি কিডনি ও লিভারের দীর্ঘস্থায়ী জটিলতা, অস্বাভাবিক হিমোগ্লোবিন, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন।