ঢাকা–১১ আসনে নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ রিটটি দায়ের করেছেন। রিটটি গতকাল রোববার দায়ের করা হয় বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা।
আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী
আজ সোমবার প্রথম আলোকে তিনি জানান, আগামীকাল মঙ্গলবার রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে।
রিট আবেদনে অভিযোগ করা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৪ সালের ৮ আগস্ট উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে স্বল্প সময়ের মধ্যে কমনওয়েলথ অব ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। তবে নির্বাচনী হলফনামায় তিনি ওই নাগরিকত্বের তথ্য গোপন করেছেন।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন
আইনজীবী মজনু মোল্যার দাবি, এ ধরনের তথ্য গোপন সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২(গ) ধারার সরাসরি লঙ্ঘন। সংবিধানের বিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। এ কারণেই নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন আবেদনকারী।





