সশস্ত্র বাহিনীতে ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩১ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকার সশস্ত্র বাহিনীতে ১৪১ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দিয়েছে, যাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর বা স্বেচ্ছায় অবসরে যাওয়া ব্যক্তিরা রয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ৫ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি, জ্যেষ্ঠতা এবং আর্থিক সুবিধা প্রযোজ্য কর্মকর্তাদের ক্ষেত্রে পূর্বের তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতি পাওয়া ১৪১ কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর ১১০ জন, নৌবাহিনীর ১৯ জন এবং বিমানবাহিনীর ১২ জন কর্মকর্তা রয়েছেন। চারজন কর্মকর্তা সামরিক বাহিনীতে পুনর্বহাল পেয়েছেন, এবং বাকি কর্মকর্তাদের অবসরকালীন সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে গিয়ে রাষ্ট্র পরিচালনায় অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বিএমএ ৭৫তম লং কোর্সের চারজন লেফটেন্যান্ট—শাফায়েত আহমেদ, এ এইচ এম ইকরামউজ্জামান, তৌকির মাহমুদ তুষার ও আবদুল্লাহ ওমর নাসিফকে অবিলম্বে জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজের নেতৃত্বে গঠিত কমিটি ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসা, বৈষম্য ও অন্যায়ের শিকার হওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ পেশ করে।

আরও পড়ুন: নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছে সেনাবাহিনীর দুই লেফটেন্যান্ট জেনারেল, সাত মেজর জেনারেল, ২০ ব্রিগেডিয়ার জেনারেল; নৌবাহিনীর দুই কমোডর; এবং বিমানবাহিনীর একজন এয়ার ভাইস মার্শাল ও চার এয়ার কমোডর। উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে আছেন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, মেজর জেনারেল মুহাম্মাদ ইশতিয়াক, মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমি, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী, কমোডর এম নাসির, এয়ার ভাইস মার্শাল দেলোয়ার হোসেন ও এয়ার কমোডর সৈয়দ ইমতিয়াজ হোসেন।