বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের যোগদান
দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক–এ যোগদান করেছেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন।
এ সময় ডেপুটি গভর্নর নুরুন নাহার ও হাবিবুর রহমানের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা গভর্নর ভবনের মূল ফটকে তাকে অভ্যর্থনা জানান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে যান। সেখানে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে কেন্দ্রীয় ব্যাংকে আসেন। প্রজ্ঞাপন জারির পরদিনই প্রথমবারের মতো তিনি প্রধান কার্যালয়ে প্রবেশ করেন।
এর আগে আগের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে চার বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১২৭ অব ১৯৭২)-এর ১০(৫) ধারা অনুযায়ী মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন গভর্নর বর্তমানে হেরা সোয়েটার্স লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সুশাসনে তার বিশেষ দক্ষতা রয়েছে বলে জানা গেছে।
তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন–এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। এছাড়া ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এর বোর্ড সদস্য ছিলেন।
এছাড়া তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), রিহ্যাব এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ–এর সদস্য।
মোস্তাকুর রহমান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ–এর একজন ফেলো মেম্বার।





