ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধে পুলিশ কঠোর ভূমিকায় থাকবে: মাঠ পুলিশকে আইজিপি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে বলেন, নিরাপত্তা বিধানে কঠোর পদক্ষেপ নেওয়া অপরিহার্য।

আইজিপি সোমবার (০২ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সকল জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে এই নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

তিনি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই এবং ডাকাতি বন্ধ করতে হবে। এই উদ্দেশ্যে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। এছাড়া আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আইজিপি আরও বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে সদাচরণ নিশ্চিত করতে হবে, যাতে তারা থানা থেকে হাসিমুখে ফিরে যেতে পারে। নিরপরাধ মানুষকে কোনভাবেই হয়রানি করা যাবে না। পুলিশের ইতিবাচক আচরণ মানুষের আস্থা অর্জনে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

তিনি জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য সক্রিয় হতে হবে।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।