বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৫০ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। একজন ব্যবসায়ী ও বিতর্কিত ব্যক্তিকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে সংস্থাটি বলেছে, সরকার যেন এ নিয়োগ বাতিল করে যোগ্য, নিরপেক্ষ ও দক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেয়।

আরও পড়ুন: ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত ‘সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, দেশে নতুন সরকার এসেছে এবং তারা কিছু নতুন উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয়।

আরও পড়ুন: সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

সদ্য বিদায়ী দুদক চেয়ারম্যানের পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, জুলাই সনদে দুদক গঠন ও কার্যাবলি নির্ধারণ করা আছে। সরকারি দল নিরপেক্ষ একজন ব্যক্তিকে দুদকের চেয়ারম্যানসহ অন্যান্য পদে নিয়োগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং পরিচালক (গবেষণা) মো. বদিউজ্জামান প্রমুখ।