দেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান শুরু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের টিকার কোনো সংকট নেই এবং আগামী ২০ তারিখ থেকে দেশজুড়ে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সময়মতো হামের টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে এবং বর্তমানে টিকার কোনো ঘাটতি নেই। তবে সিরিঞ্জের মজুত প্রসঙ্গে তিনি জানান, আগামী ১৫ মে পর্যন্ত পর্যাপ্ত সিরিঞ্জ সংরক্ষিত আছে। পরবর্তী সময়ের চাহিদা পূরণে প্রয়োজনীয় সিরিঞ্জ সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন মৌসুম সামনে রেখে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিয়েছে এবং হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে যক্ষ্মা (টিবি) রোগের প্রকোপ বাড়তে পারে—এমন আশঙ্কায় আগেভাগেই টিকা ও প্রতিষেধকের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল

ভ্যাকসিন সরবরাহ পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার কোনো ভ্যাকসিন মজুত রেখে যায়নি, ফলে বর্তমান সরকারকে প্রয়োজনীয় টিকা ও সরঞ্জাম সংগ্রহে বাড়তি উদ্যোগ নিতে হয়েছে।

সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে তিনি অভিযোগ করে বলেন, জনস্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগে একটি ‘দুষ্টচক্র’ বাধা সৃষ্টির চেষ্টা করছে। এ সময় তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।