বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে গেছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউজে পৌঁছান।
আরও পড়ুন: বগুড়ায় ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন এবং বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
আরও পড়ুন: গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী
এরপর দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে বেলা পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।
দিনের শেষ ভাগে বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করার কথা রয়েছে।





