‘ভোটের কালির মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন’: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাধারণ মানুষের ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তিনি জানান, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই প্রায় ১১ লাখ কৃষকের প্রায় দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘উন্নয়ন সংলাপ: কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপটির আয়োজন করে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরাম।
আরও পড়ুন: ৩ মন্ত্রীকে নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ ম কবিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্প চালু করেছে এবং প্রথম দিনেই ৩৮ হাজার কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষি কার্ড উদ্বোধন করা হয়েছে এবং ঈদের আগে ইমামদের জন্য মাসিক ভাতার পাইলট প্রকল্পও চালু করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় প্রথম সফরেই ইতিবাচক বার্তা দিলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডকে তিনি সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। এছাড়া খাল খনন কর্মসূচির মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে উপরিভাগের পানির ব্যবহার বাড়ানো এবং মৎস্য চাষ সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন।
রাজনৈতিক সহমতের বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকার দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে সমাধানমুখী রাজনীতিতে এগোতে চায়। তিনি উল্লেখ করেন, বিদ্যুৎ ও মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও উন্নয়ন ইস্যুতে ঐক্য গড়ে তোলা জরুরি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।





