ঢাকায় শুরু ডিসি সম্মেলন, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ উপলক্ষে ঢাকায় চার দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন।
রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
এর আগে সকাল ১০টা ২০ মিনিটের দিকে তিনি সচিবালয়ের নিজ দপ্তর থেকে হেঁটে মিলনায়তনে যান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং তিনি হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি
৫৬ মন্ত্রণালয়ের অংশগ্রহণ, ৩৪ অধিবেশন
সম্মেলনে দেশের সব জেলার প্রশাসকরা উপস্থিত রয়েছেন। মোট ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সংশ্লিষ্ট বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি কার্য অধিবেশন। মাঠ প্রশাসন থেকে পাওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা খাত থেকে—৪৪টি।
নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম
প্রতি বছর অনুষ্ঠিত এই সম্মেলন মাঠ প্রশাসনের সমস্যা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সরকারের নীতিনির্ধারণী কর্মসূচি নিয়ে আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ ও দিকনির্দেশনা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।





