টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান
অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যমের ওপর নজিরবিহীন হামলা হয়েছে
অন্তর্বর্তী সরকারের দেড় বছরের মেয়াদে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর নজিরবিহীন হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
শুক্রবার (৮ মে) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দুদিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল
তিনি বলেন, ২০২৪ সালের আগস্টের পর বিভিন্ন সময় গণমাধ্যমের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এমনকি দেশের দুটি প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম প্রতিষ্ঠানও আক্রমণের শিকার হয়েছে, যা আন্তর্জাতিক ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, এসব হামলার সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যথাযথ ভূমিকা দেখা যায়নি। অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাসদস্য উপস্থিত থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।
আরও পড়ুন: ছুটির দিনেও বৈঠক, এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার
তিনি অভিযোগ করেন, কিছু মহল এসব হামলার ঘটনায় প্রতিক্রিয়াশীল আচরণ করেছে এবং কেউ কেউ ঘটনাকে উপভোগও করেছে, যা গণমাধ্যমের জন্য নেতিবাচক বার্তা দেয়।
বিশ্বব্যাপী সাংবাদিক নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি জানান, গত এক দশকে বিশ্বজুড়ে ৫০০-র বেশি সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ফিলিস্তিন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন।
অনুষ্ঠানে ইউনেসকো, সুইডেন দূতাবাস, জিআইজেএন এবং এমআরডিআইসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বাংলাদেশসহ ১০টি দেশের সাংবাদিক ও বিশেষজ্ঞরা সম্মেলনে অংশ নেন।
১২টিরও বেশি সেশনে ২০ জন দেশি-বিদেশি আলোচক অংশগ্রহণ করবেন এবং ৬১ জন সাংবাদিক ফেলো তাদের গবেষণা ও প্রতিবেদনের ধারণা উপস্থাপন করবেন।





