২২ বছর পর চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন।
সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে চাঁদপুর সফরে রয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক
সফরসূচি অনুযায়ী, পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি চাঁদপুরে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনে অংশ নেবেন।
আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
এ ছাড়া সফরকালে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর। এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে চাঁদপুর সফর করেছিলেন তিনি।





