দেশ গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ২৮ মে ২০২৬ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় ঐক্য ও দেশ গঠনের প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশানস্থ বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান—সবার আগে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।” এই মূলনীতিকে ধারণ করে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশে জনগণ একটি মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই পরিবেশে ধারাবাহিকভাবে একাধিক উৎসবমুখর ঈদ উদযাপন সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন এবং সামগ্রিক অগ্রগতির জন্য তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে দেশবাসীর মঙ্গল কামনা করেন।

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।