জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ন, ৩০ মে ২০২৬ | আপডেট: ২:২৬ অপরাহ্ন, ৩০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ কর্মসূচির মাধ্যমে গরিব ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ৩ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৬টি স্পটে আয়োজিত বস্ত্র বিতরণ, চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কর্মসূচির মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।