‘ঝুঁকে সম্মান’ নয়, ধর্মীয় রীতিতে স্পিকারকে সম্মান জানাবেন এমপিরা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ৯:২৪ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার বা সভাপতির চেয়ারের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে এ বিষয়ে বক্তব্য দেন স্পিকার। তিনি জানান, সংসদের কার্যপ্রণালি বিধিতে ২০০৬ সালে সংশোধন আনার মাধ্যমে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দূনীতির অভিযোগেও পদোন্নতির অপেক্ষায় এলজিআরডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

স্পিকার বলেন, “যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি অপসারণ করা হয়েছে, সেহেতু মাননীয় সদস্যবৃন্দ জাতীয় সংসদে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।”

এর আগে গত ১৬ জুন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান এবং ১৭ জুন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক সংসদের সভাপতির প্রতি ঝুঁকে সম্মান জানানোর বিধান নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিষয়টির সুরাহা কামনা করেন।

আরও পড়ুন: ওয়াসা বোর্ডে সদস্য নিয়োগ, বিএফইউজে প্রতিনিধি নির্বাচনে মন্ত্রণালয়ের জালিয়াতি

সংসদের প্রচলিত নিয়ম অনুযায়ী, অধিবেশন চলাকালে কোনো সদস্য কক্ষ ত্যাগ করার সময় বা নিজ আসনে বসার আগে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করেন। তবে সেই সম্মান প্রদর্শনের পদ্ধতি এখন থেকে সংশ্লিষ্ট সদস্যের ধর্মীয় রীতি ও বিশ্বাস অনুযায়ী পালন করা হবে বলে স্পষ্ট করেছেন স্পিকার।