প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি
বাংলাদেশে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়নের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে ঢাকায় পদায়নের জন্য বাছাই করা হয়েছে। লটারির মাধ্যমে পদায়নের এ উদ্যোগের লক্ষ্য হিসেবে সাব-রেজিস্ট্রি অফিসে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং পছন্দের পদে যাওয়ার ক্ষেত্রে অনিয়মের সুযোগ কমানোর কথা বলা হয়েছে।
জমি কেনাবেচা, জমির ভাগ-বাটোয়ারাসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাব-রেজিস্ট্রাররা। তবে এ পদে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ, ভুয়া দলিল তৈরি এবং বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অভিযোগ রয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় পদে যাওয়ার চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে পছন্দ অনুযায়ী পদায়নের সুযোগ কমাতেই লটারির পদ্ধতি চালু করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
লটারির মাধ্যমে পদায়ন প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যেসব জায়গায় দুর্নীতির শিকড় গজিয়েছে বলে মনে করা হয়, সেসব বিষয়ে সরকার নজর দেবে। তিনি বলেন, কোনো সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা জানাতে হবে। ব্যক্তি যত ক্ষমতাধরই হোক না কেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: এলপিজির দাম বেশি নিলে সরকার ব্যবস্থা নেবে : তথ্য উপদেষ্টা
সরকারের এই উদ্যোগের মাধ্যমে সাব-রেজিস্ট্রি অফিসের বদলি ও পদায়ন ব্যবস্থায় অনিয়ম কমবে এবং ভূমি নিবন্ধনসেবা আরও স্বচ্ছ হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সূত্র: বিবিসি বাংলা





