দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের ঘটনা: ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’, বলছে ঢাকা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ। একই সঙ্গে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলেও মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে জানানো হয়েছিল যে জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর একটি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

তিনি বলেন, “এ বিষয়ে আগাম অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।”

আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার

জানা গেছে, চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়।

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কেও প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে প্রতিটি রাষ্ট্রের নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ক্ষেত্রে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট।