পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ আয়োজনের মাত্র চার দিন আগে দেশটির একটি জাতীয় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর এ নিয়ে উদ্বেগ ও সমালোচনা শুরু হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার দক্ষিণ কোরিয়ার জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী জালিয়াতির কথা স্বীকার করেন। তিনি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে প্রায় পূর্ণ নম্বর পেয়েছিলেন বলে জানান।
আরও পড়ুন: মেক্সিকান মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১
ঘটনাটি প্রকাশ্যে আসার পর আসন্ন সুনেউং পরীক্ষায়ও এআই ও প্রযুক্তিনির্ভর জালিয়াতির আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করা এবং পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো জরুরি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
তবে এসব পদক্ষেপের পরও জনমনে আস্থা ফেরাতে পারেননি শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বড় কোনো ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে জনগণের সমালোচনা থেকে নিজেকে দায়মুক্ত মনে করেন না তিনি।
আরও পড়ুন: বাহরাইনে মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের হামলা
চোই আরও বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর তিনি এর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে পদত্যাগের প্রস্তাব দিচ্ছেন। প্রেসিডেন্ট লি জে মিয়ং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।
এর আগে সোমবার পার্লামেন্টের এক শুনানিতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়, পরীক্ষার দিন সম্ভাব্য জালিয়াতদের শনাক্ত করতে কর্তৃপক্ষ সক্ষম কি না। জবাবে ৭২ বছর বয়সী চোই বলেন, বয়সের কারণে এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী নন। তাঁর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
দক্ষিণ কোরিয়ায় প্রতিবছর অনুষ্ঠিত নয় ঘণ্টার সুনেউং পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি—এমনকি সামাজিক জীবনের নানা ক্ষেত্রেও এ পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে অনিয়মের ১১১টি ঘটনা শনাক্ত করা হয়েছে।





