চীন-মালয়েশিয়া সফরের সবটুকু অর্জন জনগণের: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বের সমাপনী পর্যায়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এ প্রতিক্রিয়া জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টি তুলে ধরেন।
আরও পড়ুন: তিন জেলার ডিসি প্রত্যাহার
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ সরকারকে বাংলাদেশের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালন করতেই তিনি মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের স্লোগান হচ্ছে— বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ সবার আগে বাংলাদেশ। তাই এই সফরে আমি দেশের স্বার্থ নিয়েই কথা বলেছি। এখানে কারও কোনো ব্যক্তিগত বিষয় ছিল না।’
আরও পড়ুন: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা
প্রধানমন্ত্রী আরও বলেন, সফরে যদি কোনো অর্জন হয়ে থাকে, সেটি ব্যক্তিগত নয়; বরং বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।
তিনি বিশেষভাবে বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের মানুষের স্বার্থে কাজ করার ক্ষেত্রে তারা যে ইতিবাচক মনোভাব ও উৎসাহ দেখিয়েছেন, সে জন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।





