সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ
দেশের গুরুত্বপূর্ণ দুই জেলা সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার (২৮ জুন ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই রদবদল ও পদায়নের তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাঈল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই দুই কর্মকর্তার এই বদলি ও পদায়নের আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে।
আরও পড়ুন: দরিদ্র মানুষের জন্য এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণ করবে সরকার
বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুঃ রেজা হাসানকে বদলি করে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাঠ প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এই নিয়মিত রদবদল করা হয়েছে। উক্ত আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট ১৫টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বিরোধীদলীয় এমপিদের এলাকায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ





