সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র কোরআনের আলোকে পরিবেশ সংরক্ষণ এবং সৃষ্টির যথাযথ যত্ন ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, মানুষ ও পরিবেশের সম্পর্ক অবিচ্ছেদ্য এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ, শপথে বাধা নেই: হাইকোর্ট
প্রধানমন্ত্রী বক্তব্যে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের অংশ উল্লেখ করে বলেন, ‘আল্লাহ তায়ালা বলেছেন, তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।’
তিনি বলেন, নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য ও গৃহপালিত প্রাণীসহ আমাদের চারপাশের সবকিছুই আল্লাহর সৃষ্টি এবং মানুষের কল্যাণের জন্য নির্ধারিত।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের গবেষণা বহুমুখী সংকটে দেশীয় চা শিল্প
তারেক রহমান আরও বলেন, আল্লাহর সৃষ্টির সুফল ভোগ করতে হলে মানুষেরও দায়িত্ব রয়েছে। সব সৃষ্টির যথাযথ যত্ন, সংরক্ষণ ও পরিচর্যা করা মানবসমাজের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
বিজ্ঞানের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে এটি প্রতিষ্ঠিত সত্য যে ইকো সিস্টেম ও মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর। পরিবেশের নিরাপদ সংরক্ষণ ও বিকাশের সঙ্গে মানুষের নিরাপদ জীবন ও ভবিষ্যৎ সরাসরি সম্পৃক্ত।





