নতুন মজুরির পর নারায়ণগঞ্জে পোষাক শ্রমিকদের স্বস্তি, কাজে ফিরেছেন শ্রমিকেরা

Shahrier Islam Pallab
ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৫৩ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মজুরি বোর্ডের নতুন বেতন নির্ধারণের পর নারায়ণগঞ্জের শিল্পকারখানার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর একটা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই শিল্পকারখানার শ্রমিকেরা তাঁদের কর্মস্থলে যোগ দিয়েছেন।

বুধবার নারায়ণগঞ্জের কোথাও কোনো শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন: অতিরিক্ত চাঁদা দাবির অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ৪ পরিবহনের বাস বন্ধ

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, এখন পর্যন্ত নারায়ণগঞ্জের পরিবেশ শান্ত রয়েছে। কোথাও কোনো শ্রমিক বিক্ষোভ নেই। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে এবং বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে টানা ১২ ঘণ্টা বৈঠক করে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিন বছর আগে নির্ধারিত ন্যূনতম মজুরি ছিল সাড়ে ১২ হাজার টাকা। গতকাল মঙ্গলবার গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় নতুন এ মজুরি কাঠামো নির্ধারণ করা হয়। বেতন বাড়ানো নিয়ে বোর্ডের সব সদস্য একমত না হওয়ায় ভোটের মাধ্যমে নতুন কাঠামো চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন: জৈন্তাপুরের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে উদ্যোগ নিচ্ছে সরকার: জৈন্তাপুরে দুই মন্ত্রী

নতুন মজুরি কাঠামো নির্ধারণের পর নারায়ণগঞ্জের শিল্পকারখানার শ্রমিকদের মধ্যে নেতিবাচক কোনো প্রভাব পড়েনি। তাঁরা অন্য দিনের মতো স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছেন। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই মজুরি বাস্তবসম্মত হয়নি। বাস্তবতা বিবেচনায় নিয়ে মজুরি পুনর্মূল্যায়ন করে আরেকটু বৃদ্ধির দাবি করছি। তবে আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নেই।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জের পরিস্থিতি শান্ত রাখা সম্ভব হয়েছে বলে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।