কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী হিসাবে যারা শপথ নেবেন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৫৬ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়াবেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: কলেবর বাড়ল মন্ত্রিসভার, শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

তবে নতুন করে যাদের মন্ত্রী হিসেবে যুক্ত করা হচ্ছে, তাদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি মন্ত্রিসভায় আরও রদবদল হতে পারে।

সূত্রের তথ্য অনুযায়ী, বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। পরে ভারপ্রাপ্ত স্পিকার নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।