নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার, প্রস্তুতি সম্পন্ন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আগামী রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে বঙ্গভবনে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: আপত্তি-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড
সূত্র জানিয়েছে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন নতুন রাষ্ট্রপতি। বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাবে।
সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার দেবে। আনুষ্ঠানিকতা শেষে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে প্রবেশ করবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডডের চেয়ারম্যানের সাক্ষাৎ
এর আগে শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
জাতীয় স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুল মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরবেন। পরে তার গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর এক দিন আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।





