আগামীকাল প্রথমবার রাষ্ট্রপতি হিসেবে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তার এই সফরকে ঘিরে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা ও পুলিশ প্রশাসন পৃথক সমন্বয় সভা করে সফরের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প
রাষ্ট্রপতির সফর সামনে রেখে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি মাজার এলাকা ঘুরে দেখেন এবং সফর উপলক্ষে সিটি করপোরেশনের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
পরিদর্শন শেষে সিসিক প্রশাসক বলেন, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিলেট পর্যটননগরী হওয়ায় রাষ্ট্রপতি যাতে শহরের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং সফরকেন্দ্রিক ব্যবস্থাপনায় কোনো ঘাটতি না থাকে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সিঁড়ি দিয়ে ছয় তলায় উঠলেন প্রধানমন্ত্রী
তিনি জানান, রাষ্ট্রপতি দুই মাজার জিয়ারত করবেন। এ সময় তিনি যাতে স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে মাজার জিয়ারত করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
সিসিক প্রশাসক আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার উন্নয়ন ও সংস্কারকাজ সিটি করপোরেশন নিয়মিতভাবে করে আসছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসব কাজ আরও জোরদার করা হয়েছে।
পরিদর্শনের সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী এনামুল হক তাপাদার, উপসহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমান ও মো. কামরুজ্জামান কামরুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে এ বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাষ্ট্রপতির নিরাপত্তা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোর নিরাপত্তা বাড়ানো এবং যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।
রাষ্ট্রপতির সফর সফল ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এসএমপি কমিশনার। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ওই সাক্ষাতে তিনি রাষ্ট্রপতির সিলেট সফরের কর্মসূচি এবং নাগরিক সংবর্ধনার প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।





