জাতিসংঘের নারী নেতৃত্ববিষয়ক প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন জুবাইদা রহমান
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’-এ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন দেশের নারী নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের আয়োজনের মূল আলোচনার বিষয় ছিল আস্থা পুনর্গঠন এবং পরিবর্তনশীল বিশ্বে নারীর নেতৃত্বকে আরও কার্যকর করা।
আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর নেতৃত্বকে প্রান্তিক অবস্থান থেকে মূল কেন্দ্রে নিয়ে আসতে হবে। তাঁর ভাষায়, ‘নারীরা নেতৃত্ব দিলে বিশ্ব এগিয়ে যায়।’
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ও সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিবছর এই প্ল্যাটফর্মের আয়োজন করা হয়। এর মাধ্যমে নারী নেতাদের মধ্যে অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হয়।
আরও পড়ুন: গঙ্গার পানি বণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি
এবারের বৈঠকে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, নারী নেতৃত্বে সমতা, নারীবান্ধব নীতিনির্ধারণ এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বৈঠকটি জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এবং এটি ছিল বন্ধ বৈঠক; সরাসরি সম্প্রচার করা হয়নি।
নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়টি এবারের প্ল্যাটফর্মে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।





