রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকায় ভোগান্তিতে পড়েছেন প্রায় তিন হাজার যাত্রী। এ পরিস্থিতিতে চারটি এয়ারলাইন্সের আটটি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটের মোট ২ হাজার ৯৫১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইটও বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে। শনিবার (১০ অক্টোবর) অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট দুটি স্থগিত রাখার ঘোষণা দেয় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। একই সঙ্গে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়।
রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হচ্ছে। পরিবর্তিত সময়সূচি ও ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে যাত্রীদের পরবর্তী ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।
আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
বিমানবন্দর বন্ধের প্রভাব পড়েছে বাংলাদেশের এয়ারলাইন্সগুলোর পাশাপাশি সৌদি আরবের দুই এয়ারলাইন্স সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের ফ্লাইটেও। ফলে এসব সংস্থার যাত্রীদেরও যাত্রা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়েছে।
কবে নাগাদ বিমানবন্দরের কার্যক্রম ও ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে পরবর্তী ঘোষণা আসার অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।
এ পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি ও যাত্রার অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।





