যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৫ | আপডেট: ১২:৫৪ পূর্বাহ্ন, ২৪ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা দিতে ঢাকায় এসেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার (২২ জুলাই) রাতে ঢাকায় পৌঁছান সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আহতদের চিকিৎসায় বাংলাদেশি মেডিকেল টিমকে পরামর্শ ও কারিগরি সহায়তা দিতেই ডা. চোং সি জ্যাক-এর আগমন। তার উপস্থিতি এই চিকিৎসা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

বুধবার আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে আসছেন। তারা হলেন, বিজয়া রাও (সিনিয়র ডিরেক্টর)পুন লাই কুয়ান, লিম ইউ হান জোভান এরা সবাই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক, যারা জটিল বার্ন ও ট্রমা চিকিৎসায় পারদর্শী।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি সমঝোতা স্মারক (MoU) রয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করে আহতদের কেস রিপোর্ট পাঠানো হয়।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

এর ভিত্তিতেই চিকিৎসক দলটি ঢাকায় পাঠানো হয়েছে। তারা এখানে এসে পরিস্থিতি মূল্যায়ন করবেন, এবং প্রয়োজনে বিদেশে চিকিৎসার সুপারিশ করলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। এই আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনায় গুরুতর দগ্ধদের জীবন রক্ষায় ও পুনর্বাসনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।