হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩২ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং একযোগে এই স্লোগান তোলেন উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট।

আরও পড়ুন: গণঅভ্যুত্থানের বিজয় সুসংহত করার আহ্বান মির্জা ফখরুলের

সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো তারেক রহমানের কাছে তুলে ধরেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, এই দাবিগুলো তখনই বাস্তবায়ন সম্ভব হবে, যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিই।

আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, লন্ডন নেওয়ার সিদ্ধান্ত স্থগিত

মির্জা ফখরুল আরও বলেন, অতীতের তিক্ততা ভুলে, পুরোনো বিভাজন পেছনে ফেলে আমরা চাই একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ, যার স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

সম্মেলনে মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে যেসব দাবি তোলা হয়, সেগুলো হলো

১. অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন

২. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন

৩. জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন

৪. সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা

৫. দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন বাস্তবায়ন

৬. হিন্দু ফাউন্ডেশন গঠন (ট্রাস্টের পরিবর্তে)

৭. জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির মহাসচিবের আহ্বানে সাড়া দিয়ে একসঙ্গে শ্লোগান দেন—হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।