মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা কৃষিবিদ পলাশের আবেগঘন বক্তব্য

Sanchoy Biswas
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:১৯ পূর্বাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আবেগঘন বক্তব্য দিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটি তাঁর জীবনের ব্যক্তিগতভাবে একটি কষ্টের দিন হলেও দলের স্বার্থকে তিনি সবসময় ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখেন। বাস্তবতাকে মেনে নিয়েই তিনি গর্বের সঙ্গে বলেন, তিনি একটি আদর্শিক, সংগ্রামী ও গণতান্ত্রিক দলের কর্মী এবং বিএনপিই তাঁর রাজনৈতিক পরিচয়।

আরও পড়ুন: নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই: শফিকুর রহমান

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া দিকনির্দেশনাই তাঁর রাজনীতির একমাত্র পথনির্দেশক। তাঁর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে ভবিষ্যতের রাজনীতিতে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মনোনয়ন না পাওয়ার প্রসঙ্গে কৃষিবিদ পলাশ বলেন, মনোনয়ন না পাওয়া মানেই পিছিয়ে যাওয়া নয়। অনেক সময় এটি আরও বড় আত্মত্যাগ ও পরীক্ষার নাম। দলের জন্য ত্যাগই প্রকৃত শক্তি—এই বিশ্বাস থেকেই তিনি রাজনীতি করে যাচ্ছেন।

আরও পড়ুন: খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, তিনি পদ-পদবির রাজনীতি নয়, মানুষের রাজনীতি করেন। ক্ষমতার মোহ নয়, জনগণের ভালোবাসাই তাঁর রাজনীতির প্রধান প্রেরণা। অতীতের মতো ভবিষ্যতেও সুখে-দুঃখে ও বিপদে-আপদে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামনের সারিতে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দলের পতাকা উঁচু করে ধরাই তাঁর দায়িত্ব ও অঙ্গীকার। দলীয় শৃঙ্খলা, ঐক্য এবং নেতৃত্বের প্রতি আনুগত্যই একজন প্রকৃত রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পরিচয় বলেও মন্তব্য করেন তিনি।

সভায় উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কৃষিবিদ পলাশ বলেন, তাঁদের ভালোবাসা ও আস্থা তাঁকে আরও দায়িত্বশীল ও শক্তিশালী করেছে। ইনশাআল্লাহ, দল ও দেশের প্রয়োজনে তিনি আগের মতোই নিষ্ঠা, সততা ও সাহস নিয়ে পাশে থাকবেন।

ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে সমষ্টিগত লক্ষ্যকেই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকলে একদিন গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনরুদ্ধার সম্ভব হবে—এই বিশ্বাস নিয়েই তাঁর রাজনৈতিক পথচলা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।