‘জুলাই যোদ্ধা’দের জন্য আলাদা বিভাগ গঠনের ঘোষণা তারেক রহমানের

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৪৩ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: সাম্য ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে: শিমুল বিশ্বাস

তারেক রহমান বলেন, বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল, যার মাধ্যমে ১৯৭১ সালের শহীদ, আহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের দেখভাল করা হয়ে আসছে। একই ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর কল্যাণ নিশ্চিত করতে নতুন এই বিভাগ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি আগামীতে সরকার গঠনে সক্ষম হলে, জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা যে কষ্ট, বঞ্চনা ও সমস্যার কথা তুলে ধরেছেন, সেগুলোর অন্তত কিছুটা সমাধান করার দায়িত্ব আমরা নেব। যাদের আমরা হারিয়েছি, তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে যারা পেছনে রয়ে গেছেন, তাদের জীবনযাপন, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলো দেখভাল করা আমাদের কর্তব্য।”

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বিদ্যুৎ-জ্বালানিসহ সবধরনের খরচে আমাদের সাশ্রয়ী হতে হবে: ডা. রফিক

তারেক রহমান আরও বলেন, “একাত্তরে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন ও ত্যাগ দিয়েছেন। আর চব্বিশে যারা লড়েছেন, তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে ২০২৪ সালে আবারও রক্ষা করা হয়েছে। সে কারণেই জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হওয়ার যোগ্য।”

তিনি জানান, প্রস্তাবিত নতুন বিভাগটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় থাকবে এবং এর মূল দায়িত্ব হবে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারগুলোর সার্বিক দেখভাল ও কল্যাণ নিশ্চিত করা।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও অনুষ্ঠানে অংশ নেন।