রাজধানীসহ দেশে পেট্রোল পাম্পে ভিড়, অনেক স্থানে মিলছে না তেল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৫১ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের বাড়তি চাহিদা দেখা দিয়েছে। এতে অনেক পাম্পে তেল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে যানবাহন চালকদের।

শনিবার (৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী অনেকেই তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন চালকরা। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখার ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন: ৩ মন্ত্রীকে নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সরেজমিনে দেখা গেছে, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়ের কারণে অনেক জায়গায় চালকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এ সময় গ্রাহকরা পাম্পগুলোতে সরকারের কঠোর নজরদারির দাবি জানান।

পাম্প মালিকরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের দাবি, যে পরিমাণ তেল সরবরাহ আসার কথা তা না আসায় অনেক পাম্পে সরবরাহে চাপ তৈরি হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় প্রথম সফরেই ইতিবাচক বার্তা দিলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও একই চিত্র দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, তেল নেওয়ার জন্য চালকদের জটলা তৈরি হয়েছে। তবে স্থানীয় পাম্প মালিকদের দাবি, জেলায় জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই এবং ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তবে কিছু পাম্পে মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ করেছেন অনেক চালক। অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, গত দুই দিন ধরে ডিপো থেকে তেল সরবরাহ কমে যাওয়ায় সরবরাহে সমস্যা হচ্ছে।

কিছু চালকের অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করছেন। তবে ভোক্তাদের একটি অংশ মনে করছেন, সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ায় অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।