আজ খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা ও যশোর সফরে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ উদ্দীপনা বিরাজ করছে। দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।
তার আগমন উপলক্ষ্যে রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, আজকের জনসভায় তারেক রহমান বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। দলীয় নেতারা আশা করছেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ আশপাশের জেলা থেকে প্রায় ১৫ লাখ মানুষের সমাগম ঘটবে।
আরও পড়ুন: আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
খুলনার জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ইস্যু, বন্ধ মিল-কারখানা পুনরায় চালু, গ্যাস-সংযোগ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
খুলনার কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে হেলিকপটারে যশোরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর দেড়টায় তিনি যশোরে পৌঁছে ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। এটি যশোরে তারেক রহমানের প্রথম জনসভা, যা স্মরণকালের বৃহত্তম সমাবেশে রূপ নিতে পারে বলে আশা করছে জেলা বিএনপি।
আরও পড়ুন: ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
যশোর জেলা বিএনপি জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শহরের বাইরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যশোরবাসীর বিভিন্ন দাবি, বিশেষ করে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের বিষয়টি দলীয় চেয়ারম্যানের কাছে তুলে ধরা হবে।
তারেক রহমানের খুলনা ও যশোর সফরকে কেন্দ্র করে দুই জেলা জুড়েই মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। দলীয় নেতারা বলছেন, এই সফর শুধু নির্বাচনি প্রচারণা নয়, বরং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও উন্নয়ন ভাবনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।





