বগুড়া -৬ আসনে উপনির্বাচনের পথে ইসি
বগুড়া–৬ ছাড়লেন তারেক রহমান, ঢাকা–১৭ থেকেই শপথ
দ্বৈত আসনে বিজয়ের পর অবশেষে একটি আসন রাখার সিদ্ধান্ত জানিয়েছেন তারেক রহমান। বগুড়া–৬ আসন ছেড়ে দিয়ে তিনি ঢাকা–১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সোমবার ( ১৬ ফেব্রুয়ারি ) বিকেলে বাংলাবাজার পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বগুড়া–৬ আসন ছেড়ে দিয়েছেন এবং ঢাকা–১৭ আসনটি বহাল রেখেছেন। নির্বাচন কমিশন তার চিঠি গ্রহণ করেছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু হবে নির্ধারিত বিধি অনুযায়ী।
আরও পড়ুন: ২৫ কোটি গাছের লক্ষ্য, শিক্ষার্থীদের ‘একটি করে গাছ’ লাগাতে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া–৬ ও ঢাকা–১৭—দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। তবে সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচন করতে পারলেও বিজয়ী হলে কেবল একটি আসনের প্রতিনিধিত্ব করতে পারেন। অন্য আসন বা আসনগুলো ছেড়ে দিতে হয় নির্ধারিত সময়ের মধ্যে।
আইন অনুসারে, শূন্য হওয়া আসনে উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। ফলে বগুড়া–৬ আসনে শিগগিরই উপনির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে ইসি সূত্রে ইঙ্গিত মিলেছে। সংশ্লিষ্ট মহলে এ সিদ্ধান্তকে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখা হচ্ছে, বিশেষত রাজধানীর একটি গুরুত্বপূর্ণ আসন ধরে রাখার প্রেক্ষাপটে।
আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কোনো ফ্যাসিস্টের তুলনা হয় না: রিজভী
আগামীকাল ( মঙ্গলবার) ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতীয় সংসদে তার আনুষ্ঠানিক প্রত্যাবর্তন নিশ্চিত হচ্ছে বলে দলীয় সূত্রে জানা যায়।





