দলীয় প্রধানের পদ ছাড়লেন সাকি, দায়িত্বে নিলু

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:১৬ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার ও রাজনৈতিক দলকে আলাদা রাখার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। তার পরিবর্তে দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেওয়ান আবদুর রশিদ নিলু।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাকি নিজেই এ ঘোষণা দেন।

আরও পড়ুন: নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই: শফিকুর রহমান

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার ও রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে পৃথক রাখার স্বার্থেই তিনি দলীয় প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

এ সময় ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গেও কথা বলেন তিনি। সাকি জানান, এ বিষয়ে বিভিন্ন মত থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে।

আরও পড়ুন: খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ আবদুর রহিম সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনে ৫৫ সদস্যের একটি নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ‘মাথাল’ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকারে প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং বর্তমানে পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।