পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৫:০১ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ৫:০১ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল-এর মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ১১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা।

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার দাপুটে বোলিংয়ে মাত্র ১৭ রানেই তিন উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে ফেরান তাসকিন। পরের ওভারে মাজ সাদাকাতকে আউট করেন নাহিদ রানা এবং কিছুক্ষণ পর মোহাম্মদ রিজওয়ানকেও সাজঘরে পাঠান তাসকিন।

আরও পড়ুন: Challenge Roth 2026 সফলভাবে শেষ করে বাংলাদেশের পতাকা উড়ালেন মোস্তাফিজুর রহমান

চাপে পড়া পাকিস্তানের হাল ধরার চেষ্টা করেন গাজি ঘুরি ও আব্দুল সামাদ। তবে বড় জুটি গড়তে পারেননি তারা। পরে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন সালমান আলি আগা। সাদ মাসুদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি।

সাদ মাসুদ ৩৮ রানে আউট হওয়ার পরও লড়াই চালিয়ে যান সালমান। পরে দলনেতা শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে জয়ের আশা জাগান তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে শতকও পূর্ণ করেন সালমান আলি আগা। তবে শেষ পর্যন্ত তাকে ১০৬ রানে থামান তাসকিন আহমেদ। শেষদিকে লড়াই করেও পাকিস্তানের ইনিংস থামে ২৭৯ রানে। শেষ বলে আউট হওয়ার আগে শাহিন আফ্রিদি করেন ৩৭ রান।

আরও পড়ুন: নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ, তিনি চারটি উইকেট নেন। মুস্তাফিজুর রহমান তিনটি এবং নাহিদ রানা দুটি উইকেট নেন।

এর আগে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান। ওপেনার তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তিনি ১০৭ বলে ১০৭ রান করেন, যেখানে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা।

অন্যদিকে সাইফ হাসান করেন ৩৬ রান এবং নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান।

মাঝে গুরুত্বপূর্ণ জুটি গড়েন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। লিটন করেন ৪১ রান এবং হৃদয় অপরাজিত থাকেন ৪৮ রানে। শেষে আফিফ হোসেন ৫ রান করে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন হারিস রউফ। এছাড়া আবরার আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি একটি করে উইকেট নেন।

এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়ল বাংলাদেশ।