পেলের পরই গিলবার্তো মোরা, ভাঙলেন ৯৬ বছরের পুরোনো রেকর্ড

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অভিষেক ম্যাচেই ইতিহাস গড়েছেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তিনি মেক্সিকোর হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার নতুন রেকর্ড স্থাপন করেছেন।

বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে আলভারো ফিদালগোর পরিবর্তে মাঠে নামেন মোরা। তার বয়স তখন ছিল ১৭ বছর ২৪০ দিন। এর মাধ্যমে প্রায় এক শতাব্দী ধরে অক্ষুণ্ন থাকা একটি রেকর্ড ভেঙে দেন এই উদীয়মান তারকা।

আরও পড়ুন: এমবাপ্পের আগুনে ফ্রান্স, ইয়ামালের জাদুতে স্পেন—বিশ্বকাপের সবচেয়ে দামী মহারণ

এর আগে মেক্সিকোর হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ডটি ছিল মানুয়েল রোসাসের দখলে। তিনি ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মাঠে নেমেছিলেন। দীর্ঘ ৯৬ বছর পর সেই রেকর্ড নিজের করে নিলেন গিলবার্তো মোরা।

শুধু মেক্সিকোর ইতিহাসেই নয়, বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলারদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে এই তালিকায় তার অবস্থান ষষ্ঠ। তার ঠিক ওপরে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যিনি ১৯৫৮ সালের বিশ্বকাপে ১৭ বছর ২৩৫ দিন বয়সে অভিষেক করেছিলেন। অর্থাৎ, মোরার চেয়ে তিনি মাত্র পাঁচ দিন কম বয়সে বিশ্বকাপে খেলেছিলেন।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায়ের পর হত্যার হুমকি পেলেন কলম্বিয়ার ফুটবলার

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাঠে নামার রেকর্ডটি এখনো নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইডের দখলে। তিনি ১৯৮২ সালের বিশ্বকাপে মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে খেলেছিলেন। তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (১৭ বছর ১০১ দিন) এবং ক্যামেরুনের সালোমন ওলেম্বে (১৭ বছর ১৮৫ দিন)।

তরুণ বয়সে ইতিহাস গড়া অবশ্য গিলবার্তো মোরার জন্য নতুন নয়। গত বছর ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের মাধ্যমে তিনি মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার কৃতিত্বও অর্জন করেছিলেন। এবার বিশ্বকাপের মঞ্চেও নিজের নাম ইতিহাসের পাতায় লিখে রাখলেন এই প্রতিভাবান মিডফিল্ডার।