সাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে অলআউট বাংলাদেশ

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:০০ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাদমান ইসলামের দুর্দান্ত সেঞ্চুরির পরও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ২৭২ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। একপ্রান্তে লিটন কুমার দাস অপরাজিত থাকলেও সতীর্থদের বিদায়ে ইনিংস দীর্ঘ করতে পারেননি। অন্যদিকে ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকান তুলে নিয়েছেন পাঁচ উইকেট।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলায় মাত্র ৫৯ রান যোগ করতেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। দিনের শুরুতে ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম ২২০ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২৩৪ বলে ১১টি চারের সাহায্যে ১০৫ রান করেন এই ওপেনার। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি তিনি।

আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে হার এড়াল মেসির ইন্টার মিয়ামি

সাদমানের বিদায়ের পরপরই সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। আগের দিন ৪২ রানে অপরাজিত থাকা এই ব্যাটার বিশপের বলে বোল্ড হয়ে যান। আগের দিন ক্র্যাম্পের কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। দ্বিতীয় দিনে আর কোনো রান যোগ করতে পারেননি হৃদয়।

এরপর বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটি থেকে আসে ৩২ রান। ১৫ রান করে ওয়ারিকানের বলে বোল্ড হন মিরাজ। নতুন বল হাতে পেয়ে ক্যারিবীয় পেসাররা গতি ও সুইংয়ে বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলেন।

আরও পড়ুন: মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শামার জোসেফের ঘণ্টায় ১৪১.২ কিলোমিটার গতির বলে ৫ রান করে স্লিপে ক্যাচ দেন নাঈম হাসান। এরপর হাসান মাহমুদও জোসেফের বলে ৬ রান করে ক্যাচ তুলে দেন। তাইজুল ইসলাম ওয়ারিকানের বলে ব্যাটের কানায় লেগে ক্যাচ দিয়ে ফেরেন। শেষ ব্যাটার শরিফুল ইসলামও পরের বলেই এলবিডব্লিউ হলে বাংলাদেশের ইনিংস থামে ২৭২ রানে।

শেষ দিকে ক্রিজে একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে ছিলেন লিটন। তবে ওভারের শুরুতে সিঙ্গেল নিয়ে বারবার নন-স্ট্রাইক প্রান্তে যাওয়ায় সতীর্থদের ওপর চাপ বাড়ে। শেষ চার সতীর্থের বিদায় দেখেছেন তিনি। শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত থাকেন লিটন।

এর আগে জেইডেন সিলসের লাফিয়ে ওঠা একটি বল লিটনের কনুইয়ে আঘাত করে। ব্যথার কারণে কয়েকবার ফিজিওর সহায়তাও নিতে হয় তাঁকে। চোটের কারণে দ্রুত স্ট্রাইক বদলানোর চেষ্টা করেছেন কি না, তা নিশ্চিত নয়।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১৩ রান। আলোকস্বল্পতার কারণে সেদিন ৭৪ ওভার খেলা হওয়ার পর দিনের সমাপ্তি ঘোষণা করা হয়। দ্বিতীয় দিনে ৫৯ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন জোমেল ওয়ারিকান। এ ছাড়া শামার জোসেফ ও অভিষিক্ত জশুয়া বিশপ দুটি করে উইকেট নিয়েছেন।