ব্রাজিলের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ৫:০৯ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে ব্রাজিল। আগামী শনিবার ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে দল নির্বাচন নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেও অনুশীলনের ইঙ্গিত বলছে, কোচ কার্লো আনচেলত্তি আবারও আক্রমণাত্মক ৪-২-৪ ফরমেশনে ফিরতে পারেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচকে সামনে রেখে গত দুই দিনের অনুশীলনে কয়েকজন ফুটবলারকে নতুন ভূমিকায় পরীক্ষা করেছেন আনচেলত্তি। ডিফেন্সে ইবানিয়েজের পরিবর্তে দানিলো এবং মাঝমাঠে লুকাস পাকেতার জায়গায় লুইস হেনরিকেকে দেখা যেতে পারে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের পরিকল্পনা গোপনই রাখছেন ইতালিয়ান এই কোচ।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার অনুশীলনে অনুপ্রবেশের চেষ্টা, অজ্ঞাত ড্রোন ভূপাতিত

দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও রাফিনিয়ার শারীরিক অবস্থা নিয়েও সতর্ক রয়েছে ব্রাজিল শিবির। গ্যাব্রিয়েলের বাম ঊরুতে সামান্য চোট রয়েছে, অন্যদিকে মরক্কো ম্যাচের পর পায়ে ফোস্কা পড়ায় রাফিনিয়া হালকা অনুশীলন করছেন। তাদের অনুপস্থিতিতে লিও পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে অনুশীলনে দেখা গেলেও মূল একাদশে বড় পরিবর্তন নাও আসতে পারে।

মাঝমাঠেও রয়েছে কিছু অনিশ্চয়তা। বুধবারের অনুশীলনে ফ্যাবিনিওকে ব্রুনো গিমারায়েসের সঙ্গে খেলানো হয়েছে। তবে কোচের অন্যতম ভরসার নাম কাসেমিরোও একাদশে ফিরতে পারেন। মরক্কোর বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড পাওয়ার পর বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: উজবেকিস্তানের ঐতিহাসিক গোল, তবে জয় পেল কলম্বিয়া

আক্রমণভাগে ইগর থিয়াগো ও মাতেউস কুনিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। সাম্প্রতিক অনুশীলনে ইগর থিয়াগোকে প্রথম একাদশে দেখা গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগের দিন নেওয়া হবে বলে জানা গেছে।

এদিকে দীর্ঘদিনের চোট কাটিয়ে বল নিয়ে অনুশীলনে ফিরেছেন নেইমার। তবে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিলের কোচিং স্টাফ ও মেডিকেল টিম। তার শারীরিক অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে।

হাইতির বিপক্ষে ম্যাচের আগে আজ নিউ জার্সিতে শেষ অনুশীলন করবে ব্রাজিল। এরপর দল যাবে ফিলাডেলফিয়ায়। বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টা ৩০ মিনিটে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।