দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ন, ১৯ জুন ২০২৬ | আপডেট: ৫:১৫ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে সবার আগে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে মেক্সিকো। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে লুইস রোমোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় দলটি।

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও কোনো দলই গোল করতে পারেনি। আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও শেষ মুহূর্তে ফিনিশিংয়ের অভাবে বিরতিতে যেতে হয় গোলশূন্য অবস্থায়।

আরও পড়ুন: ১০২ রানে অলআউট বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে খোয়াল ব্রোঞ্জ

বিরতির পর ম্যাচের মোড় ঘুরে যায় দ্রুতই। ৫০তম মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউয়ের ভুলের সুযোগ কাজে লাগিয়ে মেক্সিকোকে এগিয়ে দেন লুইস রোমো। একটি ক্রস সংগ্রহ করতে গিয়ে সতীর্থের সঙ্গে সমন্বয়ের অভাবে বল হাতছাড়া করেন কোরিয়ান গোলরক্ষক। সুযোগ বুঝে রোমো দারুণ এক ভলিতে বল জালে পাঠান।

গোলের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। তবে মেক্সিকোর সুসংগঠিত রক্ষণভাগের সামনে বারবার ব্যর্থ হয় তাদের আক্রমণ। নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় এক গোলের ব্যবধানেই জয় নিশ্চিত করে মেক্সিকো।

আরও পড়ুন: রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারাল পর্তুগাল

এই জয়ের ফলে পূর্ণ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মেক্সিকো। অন্যদিকে, দক্ষিণ কোরিয়াকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

পরিসংখ্যানও মেক্সিকোর পক্ষেই কথা বলছে। ২০০৬ সালের পর থেকে দক্ষিণ কোরিয়া মেক্সিকোর বিপক্ষে কোনো জয় পায়নি। দুই দলের সর্বশেষ সাক্ষাতে ড্র হলেও এবার কোরিয়ানদের হতাশ করেই জয় উদযাপন করেছে মেক্সিকো।